Posts

Showing posts from March, 2015

সুখ

­ নিকষ দু:খভরা আকাশ কোটর মাঝে- সাদা বক ভেসে চলে আড়াআড়ি, সুখ আজ ফল্গুতে;দেহটা লুকোয় লাজে- অনাবিল মোহনাতে তাড়াতাড়ি. অশেষ স্রোতের ঢেউয়ে মনভরা বিষগাছে একান্ত অগোচরে দিনপাত, আমৃত্যু অনশন-আত্মাকে আনে কাছে দু:সহ স্বপ্নেতে সারারাত. বাতিল খেজুর রসে-মোহ জাগে দেহটাতে, দুর্বার অপ্রেমে কুপোকাত! ভনভনে মিছিলেতে লোকজন বাঁচে আঁতে- অযাচিত জায়গাতে পড়ে হাত. স্থাবর যা আছে পাশে-তাই নিয়ে মাতামাতি সুখ-স্নানে আমৃত্যু দরবার, দুইদিন অম্লতা,অনুযোগ,হাতাহাতি- অজুহাত- স্বার্থতে লড়বার. উড়ুক্কু চাহিদাতে নির্মম কষাঘাত, তুষচাপা হৃদয়েতে আর্তি, করতালি-করজোরে-অসহ্য প্রাণপাত জীবনটা-অযাচিত,বাড়তি!

চরাচর

চরাচর অকূল এ চরাচর- গাছপালা-নদী, পথ-ঘাট-বাড়ি-ঘর থাকলো বা,যদি! দেহখানি থাকবে না- হয়ে যাবে ধুলি মনে কেউ রাখবে না- সবে যাবে ভুলি, থেকে যাবে স-ব কিছু ব্যক্তিটি বাদে, ডাকবে না কেউ পিছু মন তবু কাঁদে, থেকে যাবে প্রান্তর- ফুল-ফল-পাখি, ভারী হবে অন্তর বারি ভরা আঁখি! থেকে যাবে বিশ্বাস- প্রেম-প্রীতি-দায় নিশ্চলে নি:শ্বাস বাতাসেতে ছায়! থেকে যাবে পরিজন প্রেমঘেরা পত্র, শোক হবে অনুক্ষণ- দিন-কয় মাত্র. থেকে যাবে মন তবু- প্রিয়জন মাঝেতে যদি কেউ-ভাবে কভু ম্রিয়মান সাঁঝেতে !!!

জোকার

জোকার  সংসারের এই সংগ্রামেতে  উঠছে নাভিশ্বাস, জীবন এখন যন্ত্রসম- ঝুলছে গলায় ফাঁস। ব্যবসায়ী বা চাকরিজীবি, তোমরা তবু-মানুষ, আমরা তো ভাই পেট চালাতে- ওড়াই হাসির ফানুস! নাম তোমাদের হোক না যেটাই নেই অধিকার-টোকার, আমাদের তো একটাই নাম সার্কাসেরই জোকার। তোমরা যখন হাততালি দাও, মন ভরে যায় হরষে- চোখ ভিজে যায়-হয়ত তখন  ভালবাসার স্পর্শে ! কিন্তু,মোদের কাঁদতে মানা  সেটাই তো কেউ চান না,  সুখেও হাসি-দুখেও হাসি- হাসিই মোদের কান্না ! তোমাদেরই মন ভরাতে  এই পথেতে আসা, রং পরতে মুখ ঢেকে তাই- রঙ্গ করি খাসা, মুখের কালি ঢাকতে গিয়ে  হাসিই মোদের অস্ত্র - ক্ষুধার্ত পেট ঢাকতে জড়াই  হরেক রঙ্গীন বস্ত্র। তোমাদের ওই সুখের মাঝে  নেই অধিকার-ঢোকার, আমরা তবু হেসেই চলি- আমরা যে তাই "জোকার"!