সুখ
নিকষ দু:খভরা আকাশ কোটর মাঝে- সাদা বক ভেসে চলে আড়াআড়ি, সুখ আজ ফল্গুতে;দেহটা লুকোয় লাজে- অনাবিল মোহনাতে তাড়াতাড়ি. অশেষ স্রোতের ঢেউয়ে মনভরা বিষগাছে একান্ত অগোচরে দিনপাত, আমৃত্যু অনশন-আত্মাকে আনে কাছে দু:সহ স্বপ্নেতে সারারাত. বাতিল খেজুর রসে-মোহ জাগে দেহটাতে, দুর্বার অপ্রেমে কুপোকাত! ভনভনে মিছিলেতে লোকজন বাঁচে আঁতে- অযাচিত জায়গাতে পড়ে হাত. স্থাবর যা আছে পাশে-তাই নিয়ে মাতামাতি সুখ-স্নানে আমৃত্যু দরবার, দুইদিন অম্লতা,অনুযোগ,হাতাহাতি- অজুহাত- স্বার্থতে লড়বার. উড়ুক্কু চাহিদাতে নির্মম কষাঘাত, তুষচাপা হৃদয়েতে আর্তি, করতালি-করজোরে-অসহ্য প্রাণপাত জীবনটা-অযাচিত,বাড়তি!