আগমনী।
কাশ ঢেউয়ে মন আহ্লাদিত-
শিউলি সুবাস পাল্লা দিত।
শিশির ভেজা নরম ঘাসে
মন হারাতো,পূজোর মাসে!
নতুন কাপড়-নতুন জামা
নিত্য নতুন বায়না-নামা।
ঢাকের বোলের মাতাল সুরে
পূজোর নেশা বাতাস জুড়ে।
এখন কোথায় কাশের জটা,
শিউলি ফুল! দেখছো কটা?
শিশির? এখন কজন চেনে?
গংগা জল-ও বাজারে কেনে।
সারা বছর অন্তরজালে-
ঘর ভরানো হরেক মালে।
ঢাকের বোলও যন্ত্র বাজে,
মজলিশে তা লাগে কাজে।
পূজো এখন নিছক ছুটি,
কয়েকদিনের রসের জুটি।
মদ-মাংসের মিলন মেলা,
জুয়ার ছকে ভাগ্য খেলা।
মনের আবেগ?সেগুড়ে বালি,
লাল তারিখে শুকনো কালি!
Comments
Post a Comment